জাতীয়

গণভোটে 'হ্যাঁ' ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

গণভোটে 'হ্যাঁ' ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার উদ্দেশ্যে ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় তিনি নিজের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণায় এই ফটোকার্ড প্রকাশ করেন।

ফটোকার্ডে লেখা আছে, “গণভোট ২০২৬ – দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’তে সিল দিন।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ফটোকার্ড শেয়ার কার্যক্রম চলছে এবং এটি আগামী রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকবে। এই প্রচারণার লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিকদের সক্রিয়ভাবে ভোট প্রদানে উৎসাহিত করা।

এদিকে অন্যান্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন। সরকারি পর্যায় থেকেও গণভোটকে কেন্দ্র করে প্রচারণা অব্যাহত রয়েছে। রাজনৈতিক দল ও নির্বাচনী প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন।

গণভোটে যে চারটি বিষয়ে ভোট হবে:
১. নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদের প্রক্রিয়ায় গঠিত হবে।
২. সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে ১০০ জন সদস্য থাকবেন এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন।
৩. নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ ৩০টি প্রস্তাব বাস্তবায়ন।
৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির ভিত্তিতে বাস্তবায়িত হবে।

গণভোটের দিন ভোটাররা একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাদের মতামত জানাবেন।