জাতীয়

নির্বাচন ঘিরে টানা ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম

নির্বাচন ঘিরে টানা ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোট শেষে আরও সাত দিন- মোট ১২ দিন মাঠে সক্রিয় থাকবেন যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভায় স্বরাষ্ট্র সচিব জানান, আগামী পাঁচ দিনের মধ্যেই স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা সরবরাহ সম্পন্ন হবে। প্রয়োজনে পুলিশসহ অন্যান্য বাহিনী ড্রোন ব্যবহারের মাধ্যমেও পরিস্থিতি নজরদারিতে রাখবে।

এছাড়া আজ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচনসংক্রান্ত মাঠপর্যায়ের সব তথ্য সার্বক্ষণিক মনিটরিং ও রেকর্ড করবে বলে জানান তিনি।

নাসিমুল গনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে এবং যেকোনো ঘটনা সরাসরি রেকর্ড করা সম্ভব হবে। সভায় এ সংক্রান্ত একটি ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।