জাতীয়
নির্বাচনে পুলিশ পেশাদার ও নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহরুল আলম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব ইন্টেগ্রিটি’-তে ২০০৮ সালে প্রাথমিকভাবে নির্বাচিত ও সম্প্রতি যোগদানকারী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এএসপি প্রবেশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই যোগদান কেবল ব্যক্তিগত সাফল্যের বিষয় নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটেছে উল্লেখ করে আইজিপি বলেন, কর্মকর্তারা তাদের বৈধ অধিকার ফিরে পেয়েছেন এবং তাদের অভিজ্ঞতাই ভবিষ্যৎ কর্মজীবনে শক্তি হিসেবে কাজ করবে।
পুলিশপ্রধান আরও বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনের বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে শুধুমাত্র প্রচলিত বা শারীরিক শক্তিনির্ভর পুলিশিং যথেষ্ট নয়; প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও বৈশ্বিক সচেতনতা।
তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে এএসপি প্রবেশনারদের সততা ও পেশাদারিত্ব শুধু মাঠপর্যায়ে নয়, ডিজিটাল পরিসরেও বজায় রাখতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা নিয়োগ লাভ করেছেন। এই ব্যাচের ৬০ জনসহ ২৮তম ও ৪৩তম বিসিএস ব্যাচের মোট ৬৭ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।