জাতীয়

ভারতে আটক ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:২২ পিএম

ভারতে আটক ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরেছেন
ছবি: সংগৃহীত

প্রতিবেশী রাষ্ট্র ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় এই মৎস্যজীবীদের দেশে ফেরত আনা হয়েছে। একই প্রক্রিয়ায় বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সমুদ্রসীমা বরাবর বাংলাদেশ কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে। একই সময়ে ভারতের মালিকানাধীন দুটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এ প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।