জাতীয়

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলো মূলত দলীয় অভ্যন্তরীণ এবং এতে নির্বাচনের সামগ্রিক পরিবেশে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।

রোববার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। তিনি জানান, সহিংসতার যেসব খবর সামনে আসছে, তার বেশিরভাগই একই দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে উদ্ভূত। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকে বলেন আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারি না। এখানে দেখুন—কয়েকজন সাংবাদিকের কথা নিয়ন্ত্রণ করতেই সময় লাগে। সেখানে ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কতটা কঠিন, তা সহজেই বোঝা যায়।’ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

নির্বাচনের দিন গুজব ঠেকাতে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট চালু থাকবে। তবে কেউ গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার নাজির আহমদ খানসহ সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।