জাতীয়
মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
নতুন মন্ত্রিসভার সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আজ ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শপথগ্রহণকারী মন্ত্রিসভার সদস্যদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এতে আরও বলা হয়, উক্ত পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যবৃন্দকে প্রয়োজনীয় ও পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাঠানো ওই চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রোটেকশন) বরাবর পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ইতোমধ্যেই কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।