জাতীয়

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঐকমত্য


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঐকমত্য
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে। শুক্রবার বেলা ৩টার দিকে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, ফোনালাপে উভয় নেতা আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশ-বাংলাদেশ ও মালয়েশিয়া-এর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়টি বিশেষভাবে উঠে আসে। এ খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়ে তারা মতবিনিময় করেন।

টেলিফোন আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দুই দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।