জাতীয়

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

হাদির হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অভিযুক্তরা বর্তমানে বিদেশে অবস্থান করায় তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে তাদের ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে মব কালচার বা জনতার হাতে বিচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই সংস্কৃতি বন্ধ করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং তা দেশের সমাজ থেকে বিলুপ্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-এটাই সরকারের অঙ্গীকার এবং জনগণেরও প্রত্যাশা।

কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে একটি বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং শহরের টমটম চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া উখিয়া–টেকনাফ রুটে মাদক চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সরকার এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।