জাতীয়
বাড়তি ডিজেল সরবরাহে ভারতের সহায়তা চাইল বাংলাদেশ
দেশের জ্বালানি চাহিদা মেটাতে ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারের কাছে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে ভারত ঠিক কতটুকু ডিজেল দিতে পারবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সরকারি তথ্যমতে, দেশে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ভারতের পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সোমবার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হয়েছে, যা দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হবে।
এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ডিজেল সহায়তা চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠির বিষয়টি ভারতের সরকারের সঙ্গে আলোচনা করা হবে।