জাতীয়

গণপরিবহন পর্যাপ্ত তেল পাবে, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

গণপরিবহন পর্যাপ্ত তেল পাবে, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি
ছবিঃ সংগৃহিত

জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না।

আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।

মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। 

ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ ১০ লিটার তেল। তবে মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য পরবর্তীতে এটি বাড়িয়ে দিনের সীমা সর্বোচ্চ ৫ লিটার করা হয়।