জাতীয়

শারীরিক অসুস্থতায় ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম

শারীরিক অসুস্থতায় ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন
প্রফেসর ড. এস এম এ ফায়েজ। ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আবেদন করেন।

চিঠিতে ড. এস এম এ ফায়েজ উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনা করে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।