জাতীয়
চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে খেলাধুলা
প্রাথমিক স্তরের শিক্ষায় খেলাধুলাকে গুরুত্ব দিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন তার পছন্দের খেলায় দক্ষ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে।
সরকারের নতুন উদ্যোগ ‘ক্রীড়া কার্ড’ চালুর মাধ্যমে খেলোয়াড়দের একটি কাঠামোর মধ্যে আনা হচ্ছে। একইসঙ্গে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার কার্যক্রমও এই ভাতা প্রদানের মাধ্যমে শুরু হয়েছে বলে জানান তিনি।
খেলাধুলায় হার-জিতকে স্বাভাবিকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরাজয় মানেই শেষ নয়; বরং এটি ভবিষ্যৎ সাফল্যের অংশ। আজকের হার আগামী দিনের জয়ের পথ তৈরি করে।
খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শুধু ক্রিকেট ও ফুটবল নয়, অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
এছাড়া, কৃষকদের জন্যও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। আগামী ১৪ এপ্রিল কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম, ইচ্ছাশক্তি ও দলগত মানসিকতা থাকলে সাফল্যের পথে কোনো বাধা টিকতে পারবে না। তিনি সবাইকে বেশি কাজ ও কম কথা বলার আহ্বান জানান এবং ব্যক্তিগত যোগ্যতার মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ওপর গুরুত্বারোপ করেন।