জাতীয়

দেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

দেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ রয়েছে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

সরকারি তথ্য অনুযায়ী, মজুদকৃত জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। এছাড়া অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন রয়েছে।

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানান, বর্তমানে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে, তা দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিন দেশের চাহিদা পূরণ করা সম্ভব। এর মধ্যেই নতুন করে কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে, ফলে তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই।

এদিকে জ্বালানি তেলের মজুতদারি রোধে সরকার অভিযান জোরদার করেছে। গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন এবং ৬০ হাজার ২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।

অভিযানগুলোর মাধ্যমে দায়ের করা ১ হাজার ২৪৪টি মামলায় মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানানো হয়।