জাতীয়

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্যের দাম: ডা. জাহেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্যের দাম: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারি কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি ভোক্তার স্বার্থরক্ষা না, একটা কথা মনে রাখতে হবে।

একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যে মানুষটা বাস চালান, যে মানুষটা ট্রাক চালান তিনিও এই রাষ্ট্রের নাগরিক, এই সরকার কিন্তু তারও সরকার। সুতরাং তিনি তার ওপরও এমন কিছু করা ঠিক হবে না যাতে তার ব্যবসা না হতে পারে। সরকার কিন্তু কারও পক্ষ না, সরকার সবার সরকার। সরকার চেষ্টা করবে এমন একটা পয়েন্টে আসা যেখানে সবার কম ক্ষতি হয়। আমি আগে একদিন বলেছিলাম—এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে।

মজুত ও সরবরাহের খুব বড় সংকট নেই উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা ব্যবসা...এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করা। কোনো কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। সংকটটা আসলে মূলত সেখানে হয়েছে।’

জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বড় ধরনের সংকট নেই, তবে কিছু জায়গায় সরবরাহে সীমিত ঘাটতি রয়েছে। এ ছাড়া অতিরিক্ত চাহিদা ও আতঙ্কজনিত কেনাকাটার কারণে কোথাও কোথাও জ্বালানি তেলের ওপর চাপ তৈরি হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির প্রভাব দেশেও পড়ছে এবং এটি একটি বৈশ্বিক প্রবণতা। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে এবং সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

দ্রব্যমূল্য নিয়েও তিনি মন্তব্য করেন, জ্বালানির দাম বাড়ার অজুহাতে কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সবশেষে তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা করছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।