জাতীয়
সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশ
দেশে বাস ভাড়া নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান ভাড়াই কার্যকর রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সরকারি প্রজ্ঞাপন ছাড়া কোথাও ভাড়া বৃদ্ধি করা যাবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের বিদ্যমান সরকারি ভাড়া চার্ট কঠোরভাবে অনুসরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে নতুন ভাড়া নির্ধারণ বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে পরিবহন খাত নানা ধরনের আর্থিক চাপে রয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় খাতটি চাপের মুখে পড়েছে। এ অবস্থায় পরিবহন নেতারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে জ্বালানি ও পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন।
এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয় সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
নতুন দামে লিটারপ্রতি ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পর পরিবহন খাতে ভাড়া সমন্বয় নিয়ে আলোচনা চললেও আপাতত সরকারিভাবে নতুন কোনো ভাড়া ঘোষণা না হওয়ায় বর্তমান ভাড়া বহাল থাকবে বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি।