জাতীয়

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

একদিনের সফরে যশোরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এটি তার প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ যান তিনি। সেখান থেকে উড়োজাহাজে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খালসংলগ্ন স্থানে উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমান-এর।

দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।