জাতীয়

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার তামার তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার তামার তার
ছবি: সংগৃহীত

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। অভিযানে চুরি হওয়া তারও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন রঞ্জন চন্দ্র (২৬) ও রেজাকুল ইসলাম (৩২)।

সিটিটিসি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ এই সংযোগের তার চুরির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার তদন্তে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এলাকা থেকে রঞ্জন চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরির কথা স্বীকার করেন। পরে তিনি জানান, ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তার বিক্রি করেন।

রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল একুশে হল সংলগ্ন ভাঙারি দোকানে অভিযান চালিয়ে রেজাকুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারি গুদামে অভিযান চালিয়ে চুরি হওয়া সম্পূর্ণ তামার তার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সচিবালয়ের গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।