জাতীয়

যেভাবে প্রাণে বাঁচলেন পদ্মায় ডুবে যাওয়া বাসের সব যাত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:২১ পিএম

যেভাবে প্রাণে বাঁচলেন পদ্মায় ডুবে যাওয়া বাসের সব যাত্রী
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। ফেরিতে ওঠার আগেই যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশনা কার্যকর থাকায় সবাই নিরাপদে ছিলেন বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার যে নিরাপত্তা বিধান চালু রয়েছে, সেটি অনুসরণ করায় এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।

জানা গেছে, সকাল ৯টা ২৫ মিনিটে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ‘করবী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সার্ভিস, উপকূলরক্ষী বাহিনী এবং নৌপরিবহন কর্তৃপক্ষের ডুবুরি দল। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বেলা ১১টা ৫৫ মিনিটে নদীর তলদেশ থেকে বাসটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ফেরিতে ওঠার আগে যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে ফেরির দিকে যাচ্ছিলেন। ফলে বাসটি নদীতে ডুবে গেলেও কোনো যাত্রী এতে আটকা পড়েননি। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির মতো মর্মান্তিক পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একই ধরনের দুর্ঘটনায় একটি বাস নদীতে ডুবে ২৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ার বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়। সেই সিদ্ধান্তই এবার বহু মানুষের প্রাণ রক্ষা করেছে।