জাতীয়
সরকারের বাজেটকে দলীয় বাজেট আখ্যা দেওয়া নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘দলীয় বাজেট’ হিসেবে আখ্যায়িত করার সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারের বাজেটকে দলীয় বলা নিকৃষ্ট ও অনভিপ্রেত মন্তব্য।
শুক্রবার (১২ জুন) বিকেলে কক্সবাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাধারণ মানুষের প্রধান চাহিদা হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের চাহিদা পূরণে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলোও বাজেটে গুরুত্ব পেয়েছে।
রাজস্ব খাত নিয়ে তিনি বলেন, সরকার একদিকে করদাতাদের ওপর চাপ কমানোর উদ্যোগ নিয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ের পরিধি বাড়িয়েছে। এতে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং উন্নয়ন বাজেটে অভ্যন্তরীণ আয়ের অবদানও বাড়বে।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম পরিচালনায় যদি সবসময় ব্যাংক ঋণ ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করা হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে নির্ভরশীলতা তৈরি করবে। তাই নিজস্ব রাজস্বভিত্তি শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিনের সংকট ও চ্যালেঞ্জের মধ্যে থাকা আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতায় স্বল্প সময়ে বাজেট প্রণয়ন করা সরকারের একটি বড় সাফল্য। তিনি বলেন, প্রায় ১৭ বছর ধরে ক্ষতিগ্রস্ত আর্থিক ও ব্যাংকিং কাঠামোর ওপর দাঁড়িয়ে মাত্র সাড়ে তিন মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা সরকারের গুরুত্বপূর্ণ অর্জন।