জাতীয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এই ‘জরুরি বার্তা’ পাঠানো হয়।

দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জের ডিআইজিদের কাছে পাঠানো ওই বার্তায় বলা হয়, দলটির পক্ষ থেকে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্য মিছিলের চেষ্টা হতে পারে। এতে অন্যান্য রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়া এসব কর্মসূচিতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষোভ সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়। তাই সব ধরনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট চিঠি পাওয়া গেছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে তিনি জানান, নির্দিষ্ট কোনো হুমকি নেই।

তিনি আরও বলেন, সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে এবং বর্তমানে আসন্ন ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন চেকপোস্ট ও অপারেশন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার হন এবং দলটির কার্যক্রম কার্যত সীমিত হয়ে পড়ে। বর্তমানে দলটির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিভিন্ন সময় ঝটিকা মিছিলের খবরও পাওয়া গেছে।