জাতীয়

একজনকেও পুশইন হতে দেইনি, সতর্ক অবস্থানে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

একজনকেও পুশইন হতে দেইনি, সতর্ক অবস্থানে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সীমান্ত দিয়ে কাউকে জোরপূর্বক ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যদি ভারতে কোনো বাংলাদেশি অবস্থান করে থাকে, তাহলে দেশটির কাছে কূটনৈতিকভাবে তালিকা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই তালিকা পাওয়া গেলে নাগরিকত্ব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এই মামলার কয়েকজন আসামিকে ভারত সরকার গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে কলকাতায় থাকতে পারে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং এক্সট্রাডিশন চুক্তির আওতায় প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, মামলার অসম্পূর্ণ তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।

অন্যদিকে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ফেডারেল পুলিশ ই-মেইলের মাধ্যমে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। তাকে দেশে ফেরাতে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছিল, যা তিন দিনের মধ্যেই প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অগ্রগতি জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।