জাতীয়
খামেনিকে শেষ বিদায়ে শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করলেন স্পিকার
ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে সংরক্ষিত আনুষ্ঠানিক শোক বইয়ে স্বাক্ষর করেন।
ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে স্পিকার খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
অনুষ্ঠান শেষে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগে এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নানা বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দূতাবাসের সেবার পরিধি আরও বাড়ানোর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করবেন বলেও জানান।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে যোগ দিতে গত দিন তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।