জাতীয়

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং খুব শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

আজ শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতের সরকার দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং নির্বাচনের নামে প্রহসন হয়েছে। পাশাপাশি ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, জুলাই স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো থাকলেও এখন তা পুনর্গঠন করা হয়েছে। জাদুঘর উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে সংস্কৃতিমন্ত্রী কুমিল্লার ঐতিহাসিক শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ইতিহাস, ঐতিহ্য ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।