জাতীয়

আজ কবি আল মাহমুদের জন্মবার্ষিকী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০৯ এএম

আজ কবি আল মাহমুদের জন্মবার্ষিকী
ছবিঃ সংগৃহীত

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ‘সোনালী কাবিন’-খ্যাত আল মাহমুদের জন্মবার্ষিকী আজ, ১১ জুলাই। লোকজ ঐতিহ্য, গ্রামীণ জীবন, নদীমাতৃক বাংলার প্রকৃতি এবং স্বতন্ত্র কাব্যভাষার মাধ্যমে তিনি বাংলা কবিতায় গড়ে তুলেছিলেন নিজস্ব এক শিল্পভুবন।

কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন।

ষাটের দশকে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কবিতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। ১৯৭৩ সালে প্রকাশিত ‘সোনালী কাবিন’ তাকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের কাতারে প্রতিষ্ঠিত করে। ভাটি বাংলার নদী, চরাঞ্চলের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে তার কবিতা পেয়েছে অনন্য মাত্রা।

কবিতা ছাড়াও তিনি শিশুসাহিত্য, উপন্যাস ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকৌড়ির রক্ত’, ‘কবি ও কোলাহল’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’।

জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে। আজ সমাপনী দিনে আলোচনা সভা, কবিতা পাঠ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদক প্রদান এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

এবারের ‘সোনালী কাবিন পদক-২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেওয়া হবে।