জাতীয়
মাকে বিদেশে নিইনি, কারণ এরকম মানবিক সেবা সেখানে পাওয়া যেত না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার মায়ের চিকিৎসার ক্ষেত্রে দেশের চিকিৎসকেরা যে মানবিক সেবা দিয়েছেন, তা বিদেশে পাওয়া সম্ভব হতো না।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রখ্যাত চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে তার মায়ের চিকিৎসা করেছেন এবং প্রতিটি মুহূর্তে নিবিড়ভাবে সেবা দিয়েছেন। জীবনের শেষ সময়েও তাকে বিদেশে নেওয়া হবে কি না—এ নিয়ে আলোচনা হয়েছিল। তবে তিনি ব্যক্তিগতভাবে মত দেন, দেশে চিকিৎসকেরা যে আন্তরিকতা ও মানবিক যত্ন দিচ্ছেন, বিদেশে গেলে সেই ধরনের সেবা পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, বিদেশে উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি থাকলেও মানবিক সেবার যে গভীরতা তার মা পেয়েছেন, তা বিশ্বের উন্নত হাসপাতালগুলোতেও পাওয়া কঠিন। এজন্য তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় সংকটে এই প্রতিষ্ঠানের অবদান রয়েছে। সাম্প্রতিক আন্দোলনগুলোতেও চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা আহত ও শহীদদের পাশে দাঁড়িয়েছেন।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা মেডিকেল এখন রাজধানীর মানুষের আস্থার প্রতীক। মানুষের বিপদের সময় চিকিৎসকেরাই হয়ে ওঠেন সবচেয়ে ভরসার জায়গা।
রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে রাষ্ট্রের ব্যয় অনেক কমে। এ লক্ষ্যে সরকার প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, স্বাস্থ্যসেবাকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করতে পারেন এবং রোগের বিস্তার কমাতে ভূমিকা রাখতে পারেন।