জাতীয়

মঙ্গলবার-বুধবার কম, বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

মঙ্গলবার-বুধবার কম, বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি 
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

তিনি বলেন, ৫ জুলাই সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছিল। যদিও নিম্নচাপের প্রভাব কমে এসেছে, তবুও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা বহাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।