জাতীয়
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার
সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া মাসিক ভাতা অর্ধেকে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এ খাতে মাসিক ৫০ হাজার টাকা দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হবে।
সোমবার (১৩ জুলাই) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এখন অনুমোদনের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
এর আগে ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে সরকারি কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি কেনার ঋণ সুবিধা স্থগিত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতাও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি কর্মকর্তারা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা পান। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এ ভাতা কমে ২৫ হাজার টাকায় নেমে আসবে।
উল্লেখ্য, ২০১৭ সালে উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনার উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ সুবিধা চালু করা হয়েছিল। তবে চলতি মাসে সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় সেই সুবিধা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ, সরকারি অর্থায়নে বিদেশ সফর এবং প্রশিক্ষণ ব্যয়ের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।