জাতীয়

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে এবং বিচার প্রক্রিয়ায় তার আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ নিশ্চিত করা হবে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, দেশের জনগণ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার দেখতে চায় এবং ইতোমধ্যে দেওয়া মৃত্যুদণ্ডের রায় আইন অনুযায়ী কার্যকর হোক—এমন প্রত্যাশাও রয়েছে। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সরকার এ বিষয়ে কোনো রাজনৈতিক বা ভূ-রাজনৈতিক চাপ বিবেচনা করছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনার প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে। সরকারের লক্ষ্য একটাই—স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করা।

তথ্য উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংস্কার করা হয়েছে। ফলে শেখ হাসিনা চাইলে বিশ্বের যেকোনো খ্যাতিমান বিদেশি আইনজীবী নিয়োগ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। বিচার কার্যক্রমে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি এবং পুরো প্রক্রিয়া ভিডিও ধারণের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

তিনি বলেন, আদালতই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। যদি শেখ হাসিনা আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তাহলে আদালত আইন অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত দেবেন। ন্যায়বিচারের মূল ভিত্তি হলো—প্রত্যেক অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা।

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি সরকারের কোনো নির্বাহী সিদ্ধান্ত নয়; বরং আদালতের নির্দেশ। সরকারের দায়িত্ব আদালতের আদেশ বাস্তবায়ন করা। কেউ যদি মনে করেন এ নির্দেশনায় তার অধিকার ক্ষুণ্ন হয়েছে, তবে তিনি আদালতে গিয়ে তা চ্যালেঞ্জ করতে পারেন। আদালত নির্দেশনা পরিবর্তন না করা পর্যন্ত সবাইকে আইন মেনে চলতে হবে।