জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিরা। সাক্ষাতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার ও জহিরুল ইসলাম রবি, এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান।

আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ জুন মাত্র একজন স্বেচ্ছাসেবীকে নিয়ে যাত্রা শুরু করে বিডি ক্লিন। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ৫৮ হাজারের বেশি। দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় সংগঠনটি পরিচ্ছন্নতা ও পরিবেশবিষয়ক কার্যক্রম পরিচালনা করছে।

গত এক দশকে বিডি ক্লিন ১৮টি খাল, ৭টি নদী এবং ৭৬টি উদ্যান পরিচ্ছন্ন করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং নাগরিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।