জাতীয়
‘সীমানায় পা রাখলেই গ্রেফতার, দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই’
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা না করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিদেশে অবস্থান করে আত্মসমর্পণের হুংকার দিলেই আইনি দায় এড়ানো যাবে না। দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দেশের ভেতরে বিভেদের সুর দেখেই দিল্লিতে বসে আত্মসমর্পণের হুমকি ও রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামিদের আত্মসমর্পণের কোনো বিশেষ সুযোগ নেই। তারা দেশের সীমানায় প্রবেশ করলেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করবে।
তিনি বলেন, ‘দিল্লিতে বসে হুংকার দিয়ে কোনো লাভ নেই। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। প্রতিটি উসকানির জবাবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেবে।’
জুলাই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং ৪টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ইতোমধ্যে আবু সাঈদ হত্যা মামলা ও হাসানুল হক ইনু সংশ্লিষ্ট মামলাসহ মোট তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি মামলা বিচারের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ৪৩টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে এবং ৬টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪টি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন জেলায় সংঘটিত জুলাইয়ের সহিংসতা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে নেতিবাচক রাজনীতি না করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রশ্ন ও কৌশল ব্যবহার করলে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তিনি সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে সামাজিক নিরাপত্তা, কৃষি, কর্মসংস্থান এবং আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।