জাতীয়

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এ আইন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধী চক্রের পরিবর্তনশীল কৌশলের সঙ্গে তাল মিলিয়ে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। শক্তিশালী আইন, কার্যকর সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক বিচারব্যবস্থার মাধ্যমে সরকার মানবপাচার ও চোরাচালান দমনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নতুন প্রণীত আইনটি আন্তঃদেশীয় এসব গুরুতর অপরাধ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও শক্তিশালী করা হয়েছে।

এছাড়া ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদার করা, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং সমন্বিত আইনগত কাঠামো গড়ে তোলার বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, নতুন আইন কার্যকরভাবে বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে নতুন আইনের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন এবং বাস্তবায়নের অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।