জাতীয়

এক কার্ডেই মিলবে সব সুবিধা, ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

এক কার্ডেই মিলবে সব সুবিধা, ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের সাধারণ মানুষ, প্রান্তিক কৃষক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা জোরদারে সব সরকারি সুবিধা একক কার্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের নাম রাখা হয়েছে ‘ইউনিভার্সাল কার্ড’।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বাজেট সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া বিভিন্ন কার্ড ও সুবিধা কোনো দয়া নয়, বরং নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্ড একত্র করে একটি সর্বজনীন কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নাগরিকরা এক পরিচয়ে সব সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী কৃষিখাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাদের অর্থনৈতিক মুক্তি ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ থাকা প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষকের সুদসহ ঋণ ইতোমধ্যে মওকুফ করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য জরুরি। সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও প্রান্তিক জনগণের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের উন্নয়ন ব্যাহত করেছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ২০৩৪ সালের মধ্যে দেশকে শক্তিশালী অর্থনীতির পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্যপ্রযুক্তি, নীল অর্থনীতি ও পরিবেশবান্ধব পর্যটনসহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও আধুনিক ক্যারিয়ার সেন্টার স্থাপনের কাজ চলছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার কথাও জানান তিনি। এই কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন। বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।