জাতীয়
রাজনীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রশাসনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
রবিবার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় সিভিল সার্ভিস একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তবে দীর্ঘদিন ধরে প্রশাসনে যে রাজনীতিকরণের ধারা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শাসকের মনোভাব নয়, সেবকের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা আয়োজনের কোনো অর্থ নেই, যদি তা জনগণের কল্যাণে বাস্তব কাজে না আসে। সঠিক নীতি প্রণয়নের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিয়ে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্প সম্প্রসারণ এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি নির্ধারণ সরকারের দায়িত্ব হলেও সেই নীতির আলোকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা প্রশাসনের কাজ। নির্বাচিত সরকারের অঙ্গীকার ও নির্ধারিত কর্মসূচি বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব।