জাতীয়

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি, ফিরল ‘ইসরায়েল ব্যতীত’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি, ফিরল ‘ইসরায়েল ব্যতীত’
ছবি: সংগৃহীত

ছয় বছর পর বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। একই সঙ্গে নতুন ই-পাসপোর্টের জলছাপে জুলাইয়ের গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা আদেশে পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠার নকশা ও জলছাপের নতুন বিন্যাস নির্ধারণ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, পাসপোর্টের ৩০ ও ৩১ নম্বর পৃষ্ঠায় জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য স্থান পাবে।

নতুন জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল বাঘ, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সর্বোচ্চ আদালত, দিনাজপুরের কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ এবং লালবাগ কেল্লাসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক নিদর্শন অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া কক্সবাজারের ঝাউবেষ্টিত সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানাম নগর, কার্জন হল, ষাট গম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি গির্জা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ও নতুন জলছাপে স্থান পেয়েছে।

এদিকে নতুন পাসপোর্টের সামনের প্রচ্ছদে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনের প্রচ্ছদে জাতীয় সংসদ ভবনের ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।