জাতীয়
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ
দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের উদ্বোধনের মাধ্যমে জাতীয় পর্যায়ের এই আয়োজনের পর্দা উঠবে।
দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা তৈরি করার লক্ষ্য নিয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসহ বিভিন্ন ডিসিপ্লিন অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনের দিন সাঁতারের পাশাপাশি কাবাডি ও ক্রিকেট ইভেন্টেও মাঠে নামবে প্রতিযোগীরা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ভেন্যুতে।
আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সোমবার (২০ জুলাই) ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয়েছে। বালকদের বিভাগে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে রংপুর ও ঢাকা অঞ্চল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময় খেলা অনুষ্ঠিত না হওয়ায় টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রংপুর। দিনের অন্য ম্যাচে খুলনাকে পরাজিত করে শেষ আটে ওঠে ঢাকা অঞ্চল।
বালিকাদের বিভাগেও একইভাবে টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়েছে। সেখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সিলেট অঞ্চল।