জাতীয়
শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবন সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত জটিলতার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রস্তুতি চলছে। বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার স্নায়ুজনিত একটি জটিলতা ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পদত্যাগের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অবস্থান জানানো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে সে সুযোগ তার রয়েছে, তবে এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।