জাতীয়

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা সম্ভব নয়, ৬ মাস পাবেন রাষ্ট্রীয় সুবিধা: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা সম্ভব নয়, ৬ মাস পাবেন রাষ্ট্রীয় সুবিধা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইন ও সংবিধানের বিধান অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব শেষে আগামী ছয় মাস রাষ্ট্রীয় নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন সাবেক এই রাষ্ট্রপতি।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান সংক্রান্ত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বৈরাচারের শেষ পর্যায়, অন্তর্বর্তী সরকারের সময়কাল এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস এই পুরো সময়জুড়ে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ওই সময়ে রাষ্ট্রপতি সাংবিধানিক সুরক্ষা বা বিশেষ সুবিধার আওতায় ছিলেন। ফলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ বা মামলা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সংবিধানের বাইরে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। তবে এ ধরনের কোনো বিষয়কে গুরুত্ব দেওয়ার মতো কিছু পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।