জাতীয়

সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদলের বক্তব্যে আমলে নেওয়ার মতো কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

সাবেক রাষ্ট্রপতি নিয়ে বিরোধীদলের বক্তব্যে আমলে নেওয়ার মতো কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে বিরোধী দলগুলোর উত্থাপিত অভিযোগকে গুরুত্ব দেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী কাজ করেছেন এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলার কোনো সুযোগ নেই।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব পালনের সময় সাবেক রাষ্ট্রপতি দেশের রাজনৈতিক পরিবর্তনের বিভিন্ন পর্যায়ে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সমালোচনা বা অভিযোগ উত্থাপন করতেই পারে, তবে বিরোধী দল ও বিভিন্ন পক্ষ থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে আমলে নেওয়ার মতো কিছু নেই।

সাবেক রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী তিনি সব প্রাপ্য সুবিধা পাবেন। তার নিরাপত্তায় ছয় মাস পর্যন্ত বিশেষ নিরাপত্তা বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দায়িত্ব পালন করবে।

বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির যুগে বিশ্বের যেকোনো স্থান থেকে সহজেই যোগাযোগ করা সম্ভব। এ জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সব সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে উল্লেখ করেন।

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিষয়ে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাওয়া নথিপত্র পাঠানো হয়েছে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যারা দায়িত্বশীলভাবে কাজ করবেন, তারা পুরস্কৃত হবেন। আর দায়িত্বে অবহেলা করলে শাস্তির মুখোমুখি হতে হবে।