জাতীয়
আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ (মঙ্গলবার) প্রথমবারের মতো বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি বঙ্গভবনে অবস্থান না করে স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করবেন।
জানা গেছে, দুপুর ১২টায় তিনি বঙ্গভবনে পৌঁছে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে সরকারি দায়িত্ব পালন করলেও তিনি স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। পরে একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।