জাতীয়
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চায় সরকার
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা ও রোহিঙ্গা সহায়তায় ডব্লিউএফপির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ উশিয়ামা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সহযোগিতা কামনা করেন শামা ওবায়েদ ইসলাম।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার জন্য ডব্লিউএফপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সংস্থাটির চলমান খাদ্য ও পুষ্টি সহায়তারও প্রশংসা করেন।
তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি ডব্লিউএফপির স্কুল মিল কর্মসূচির অবদানের প্রশংসা করে জাতীয় খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সরকার পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ডব্লিউএফপির সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।
জবাবে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি কোকো এইচ উশিয়ামা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় ডব্লিউএফপি কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষুধা ও ঝুঁকি কমাতে সংস্থাটির বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
এ সময় তিনি খুলনা বিভাগ ও হবিগঞ্জে ডব্লিউএফপির কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম সম্পর্কেও তুলে ধরেন।