জাতীয়

বাজারদরের চেয়ে কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

বাজারদরের চেয়ে কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে সার দেওয়ার আগ্রহ জানিয়েছে দেশটি। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, কৃষি সহযোগিতা ও খাদ্য নিরাপত্তা জোরদারে সম্পর্ক আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে শিল্প সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, কৃষি সহযোগিতা, সার সরবরাহ এবং সরকার-টু-সরকার ভিত্তিতে বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গম ও মিউরিয়েট অব পটাশ সার সরবরাহে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

রাশিয়ার প্রতিনিধিদল জানায়, দেশটির প্রতিষ্ঠান জেএসসি এফইসি প্রোডিনটর্গের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছে সরকার-টু-সরকার চুক্তির আওতায় প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহী তারা।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে যেসব দেশ থেকে ইউরিয়া সার আমদানি করে, তার তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে সার সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে নির্ভরযোগ্য সার সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের আমদানি ব্যয়ও কমতে পারে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের সঙ্গে রাশিয়ার জেএসসি এফইসি প্রোডিনটর্গের বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে সূর্যমুখী তেল, হলুদ, মটরশুঁটি, ছোলা, লাল মসুর ডাল ও সবুজ মসুর ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানির আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীল রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।