জাতীয়
৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস
আজ ৫ আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেড় দশকের শাসনের অবসান ঘটে। দিবসটি উপলক্ষে আজ সারা দেশে রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
রাষ্ট্রীয় ছুটির পাশাপাশি দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নিজস্ব কর্মসূচি পালন করছে।
দিবস উপলক্ষে দেওয়া বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয় এবং এই বিজয়ের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেলে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করছে।