জাতীয়
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
মহান জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (০৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
বাণীতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এই অর্জনের দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনি বীর জুলাই যোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের শুভেচ্ছা জানান এবং আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, তাইম, নাঈমা, শিশু রিয়া গোপ, আহাদসহ আত্মোৎসর্গকারী সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের প্রতিও সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, বৈষম্য, দুর্নীতি, শোষণ, গুম-খুন, গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় নিরস্ত্র শিক্ষার্থী-জনতার ওপর নৃশংস হামলার পর তা সর্বাত্মক গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস এবং জুলাই গণ-অভ্যুত্থান সেই সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রপন্থার কোনো স্থান থাকবে না। একই সঙ্গে বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন ও অন্যায়ের অবসান ঘটিয়ে ন্যায়বিচার, মানবিক মর্যাদা, মৌলিক অধিকার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাণীতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক, তরুণ-যুবসমাজ, রাজনৈতিক কর্মী, শ্রমজীবী ও কর্মজীবীসহ সর্বস্তরের মানুষকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি শহীদ ও আহতদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
বাণীর শেষে তিনি বাংলাদেশের শান্তি, সাম্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।