জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া
ছবিঃ সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা, পরে দোয়া ও মোনাজাতে ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ ও হুইপ-সংসদ সদস্যদের এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।