জাতীয়

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন ডা. তাসনিম জারা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন ডা. তাসনিম জারা
ছবি: সংগৃহীত

নারী চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাকে ‘যৌন ডাক্তার’ ও ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালিয়ে হেয় ও লজ্জিত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ওষুধ, ওজন কমানোর পণ্য ও চিকিৎসাসেবা বিক্রির অভিযোগও করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

পোস্টে তাসনিম জারা বলেন, বেশ কিছুদিন ধরে কিছু আওয়ামী লীগ কর্মী তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে প্রচার করছেন। তার ভাষ্য, তাকে হেয় ও লজ্জিত করাই এর উদ্দেশ্য। তিনি জানান, তিনি মেডিসিনের চিকিৎসক হওয়ায় এ ধরনের প্রচার সম্পূর্ণ মিথ্যা। তবে এতদিন তিনি এ অপপ্রচারের কোনো জবাব দেননি।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তিনি যদি ব্যস্ত হয়ে এ ধরনের প্রচারের প্রতিবাদ করে বলতেন যে তিনি ওই ধরনের চিকিৎসক নন, তাহলে হয়তো যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ হওয়াকে লজ্জার বিষয় হিসেবে দেখার বিকৃত ধারণাকেই পরোক্ষভাবে সমর্থন করা হতো।

যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা বলেন, মানুষের এমন অনেক কষ্ট রয়েছে, যা মা-বাবা, বন্ধু, এমনকি অনেক সময় স্বামী বা স্ত্রীকেও বলা সম্ভব হয় না। যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকেরা এসব মানুষের পাশে দাঁড়ান। তাদের চিকিৎসায় ভেঙে যাওয়া সংসার জোড়া লাগতে পারে, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের সুযোগ তৈরি হতে পারে এবং গভীর হতাশা থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যৌন সমস্যা নিয়ে কথা বলাকে লজ্জার বিষয় মনে করার কারণে অসংখ্য মানুষ প্রতিদিন কষ্ট পাচ্ছেন। সংকোচের কারণে চিকিৎসকের কাছে না গিয়ে অনেকে হাতুড়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন, ভুল ওষুধ সেবন করছেন এবং বছরের পর বছর নীরবে কষ্ট সহ্য করছেন।

‘যৌন ডাক্তার এখন দেশ চালাবে’ এ ধরনের মন্তব্য প্রসঙ্গে তাসনিম জারা বলেন, এমন মন্তব্য দেখে তার করুণা হয়। তার দাবি, যারা এ ধরনের কথা বলেন, তারা নিজেদের প্রগতিশীল হিসেবে পরিচয় দিলেও প্রকৃত প্রগতিশীলতার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সহানুভূতিশীল আচরণ অর্জন করতে পারেননি।

তবে এবার কেন এ বিষয়ে প্রকাশ্যে কথা বলছেন, সেটিও পোস্টে জানিয়েছেন তিনি। তাসনিম জারা বলেন, শুক্রবার রাতে এক শুভাকাঙ্ক্ষী তাকে একটি খুদে চিত্র পাঠান। সেখানে তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬০টি বিজ্ঞাপন প্রচারের বিষয়টি দেখতে পান তিনি।

তার অভিযোগ, প্রথমে তার ছবির সঙ্গে অশ্লীল কথা জুড়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। পরে ওই বিজ্ঞাপনের খুদে চিত্র ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি এসব পণ্য বা সেবা বিক্রি করেন। এ সুযোগে একদল প্রতারক তার নাম ও ছবি ব্যবহার করে ওষুধ, ওজন কমানোর পণ্য এবং বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি।

তাসনিম জারা স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কখনো কোনো ওষুধ, ওজন কমানোর পণ্য, চিকিৎসা বা চিকিৎসাসেবা বিক্রি করেননি। তার নাম বা ছবি ব্যবহার করে কোথাও কোনো পণ্য বা চিকিৎসাসেবা বিক্রি হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

গর্ভবতী মায়েদের জন্য তার তৈরি ‘সহায় প্রেগন্যান্সি’ নামের মুঠোফোন অ্যাপেও কোনো পণ্য বিক্রি হয় না বলে জানান তাসনিম জারা। অধিকাংশ মানুষ অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করেন এবং কেউ কেউ অর্থের বিনিময়ে উন্নত সংস্করণ ব্যবহার করেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের নামে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের ছবি কিংবা ভিডিও দেখলে সেগুলো না কেনার পাশাপাশি আশপাশের মানুষকেও সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা বলেন, কারও যৌনস্বাস্থ্যজনিত সমস্যা থাকলে চিকিৎসকের কাছে যেতে সংকোচ করা উচিত নয়। অন্যান্য অনেক রোগের মতো এসব সমস্যার ক্ষেত্রেও যত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, তত ভালো ফল পাওয়া সম্ভব।