জাতীয়
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের এক জ্যেষ্ঠ নেতা। দলীয়ভাবে তার মনোনয়ন চূড়ান্ত হলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন তিনি।
আজ রবিবার (০৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার বিষয়টি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মোটামুটি চূড়ান্ত করেছেন।
তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত মূলত দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপরই নির্ভর করছে। তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা এখনো জানেন না বলেও জানিয়েছেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দলটির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই দিন জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্য কোনো প্রার্থী বৈধভাবে মনোনয়নপত্র দাখিল না করলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার খবর সত্যি হলে এটি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিও রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।