জাতীয়

রাষ্ট্রপতি পদে মনোনয়ন গুঞ্জন, মুখ খুললেন মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

রাষ্ট্রপতি পদে মনোনয়ন গুঞ্জন, মুখ খুললেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি বিএনপি। নিজেও এমন কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি আমার জানা নেই।”

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব ফরম সংগ্রহ করেন দলের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল। অতীতে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন।

তিনি কৃষি মন্ত্রণালয় এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৯ সালে দলের জাতীয় সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর ২০১১ সালে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। পরবর্তীতে ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।

অন্যদিকে, রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।