জাতীয়

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

মন খুলে গান গাওয়া গেলেও পরীক্ষার খাতায় ইচ্ছেমতো নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ বিষয়ে শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়নে অতিরিক্ত কঠোর ছিলেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’

চলতি বছরের ফলাফলকে বস্তুনিষ্ঠ ও সুন্দর দাবি করে মন্ত্রী বলেন, ‘আপনি খারাপ ফল বলছেন কেন? ফল তো সুন্দর হয়েছে।’

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, কাঙ্ক্ষিত ফল না পেয়ে যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করবে, এবার তাদের উত্তরপত্র সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে।

শিক্ষার্থীরা প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষা বোর্ডের ১৯৯৮ সালের আইনে উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা বিস্তারিত পরিদর্শনের সুযোগ ছিল না। বর্তমানে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন পুনঃপরীক্ষণের আবেদন করা হলে উত্তরপত্র পুরোপুরি যাচাই করা হবে। মূল্যায়নে কোনো ভুলত্রুটি বা বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।