জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যা বললেন ভারতীয় হাইকমিশনার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যা বললেন ভারতীয় হাইকমিশনার
ছবি: সংগৃহীত

দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে। বৈঠকের সবকিছুই তার কাছে ইতিবাচক মনে হয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার খুব ভালো লেগেছে। এটি শুধু একজন কূটনীতিকের সঙ্গে একজন রাষ্ট্রীয় ব্যক্তির আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল না; বরং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগেরও প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও তার কাছে এমন মনে হয়নি যে এটি প্রথম সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর আচরণও তার কাছে খুব ভালো ও বিনয়ী মনে হয়েছে।

দুই দেশের সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের নেতারা একসঙ্গে বসলে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতপার্থক্য থাকতেই পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন ইস্যু থাকাটাই স্বাভাবিক। তবে দুই দেশের মানুষের মূল প্রত্যাশা হলো ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক পরিবর্তন করা সম্ভব নয়। একইভাবে দুই দেশের ভৌগোলিক প্রতিবেশী সম্পর্কও পরিবর্তন করা যাবে না। দুই দেশ শুধু সীমান্তই ভাগাভাগি করে না, বরং ভবিষ্যতের স্বপ্নও ভাগাভাগি করে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আগামী দিনগুলো ভালো যাবে বলে তিনি আশাবাদী। দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এ বিষয়ে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী।

তিনি বলেন, এমন কোনো বিষয় নেই, যা দুই পক্ষ বসে আলোচনা করে সমাধান করতে পারবে না। বাংলাদেশে তার দায়িত্ব পালনের বিষয়েও ভারতের প্রধানমন্ত্রী তাকে দুই দেশের সম্পর্ক ভালো রাখার গুরুত্বের কথা বলেছেন।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে যাবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, সবকিছুই ভালো ও ইতিবাচকভাবে এগোবে।