জাতীয়
৭০ হাজারের বেশি শিক্ষক পেলেন অবসর ও কল্যাণ ভাতা: শিক্ষামন্ত্রী
দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার বকেয়া অর্থ দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সারা দেশে একযোগে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হচ্ছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাখাতের প্রশাসনিক ইতিহাসে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের জন্য এটি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।
সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন অর্জন তুলে ধরে তিনি বলেন, এ সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সময়ের স্বল্পতার কারণে যেসব পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেগুলো আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।